নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ২নং রেলগেট সংলগ্ন এলাকায় ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোখলেসুর রহমান জানান, ধারণা করা হচ্ছে নিহত যুবক ট্রেনটির দুই বগির মাঝখানে বসেছিলেন। এ সময় ঝাঁকুনিতে যুবকটি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের বয়স ৩৫-৪০ এর মধ্যে হবে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ২নং রেলগেট সংলগ্ন মদিনা পেপার হাউসের সামনে এ ঘটনা ঘটে।
তিনি আরও জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। যুবকের পরিচয় শনাক্ত করা গেলে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নয়তো মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
মন্তব্য করুন